ইন্টারন্যাশনাল ট্যুরিজম অঙ্গনে মাইশা ট্রাভেল

ইন্টারন্যাশনাল ট্যুরিজম অঙ্গনে মাইশা ট্রাভেল

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ‘ইনট্যাক ২০২৬’-এ অংশ নিয়ে ইন্টারন্যাশনাল টুরিজম অঙ্গনে নিজেদের কার্যক্রম ও সেবার পরিধি তুলে ধরেছে মালয়েশিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সি মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএইচডি। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক আয়োজনে প্রতিষ্ঠানটির সক্রিয় অংশগ্রহণ দর্শনার্থী ও পর্যটনসংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি করে।

মালয়েশিয়ার প্রাণকেন্দ্র কেএলসিসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশ তার পর্যটন সম্ভাবনা, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে। শুক্রবার শুরু হওয়া তিন দিনের এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ অংশ নেয়। মোট ১৫৫টি বুথে বিভিন্ন দেশের পর্যটন কোম্পানি, সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনসেবা তুলে ধরা হয়।

প্রদর্শনীর শেষ দিনে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। টানা দ্বিতীয়বারের মতো এ আয়োজনে অংশ নেয় বাংলাদেশ। প্রদর্শনীতে দুটি বুথের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা হয়। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এবং পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠান এম৩৬০ আইসিটি যৌথভাবে বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং পর্যটন খাতের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবাগুলো দর্শনার্থীদের সামনে উপস্থাপন করে।

মেলার শেষ দিনে বাংলাদেশ বুথে বিদেশি পর্যটকদের পাশাপাশি মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরাও ভিড় করেন। এক্সিবিশনের প্রথম দিনে কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী প্রদর্শনী পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশের পর্যটন খাতে যে বিস্তৃত সম্ভাবনা রয়েছে, তা মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতির পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সেবা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন মালেশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।

আন্তর্জাতিক পর্যটন বাজারে মালয়েশিয়াকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশের পর্যটকদের জন্য ভ্রমণ পরিকল্পনা, পর্যটনসেবা ও আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনায় ইনভেস্টর আকর্ষণসহ নিজেদের সক্ষমতা তুলে ধরে মাইশা ট্রাভেল। মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিন্টু এমডি ইসহাক বলেন, “আমার এখানে এসে খুব ভালো লাগছে। বাহির থেকে অনেক বড় বড় কোম্পানি এসেছে। আমরাও চাই মালয়েশিয়া থেকে কিছু ইনভেস্টর বাংলাদেশে নিয়ে যেয়ে বাংলাদেশের বিভিন্ন খাতে ইনভেস্ট করতে পারি। সেটাই আমরা চাই।”

এক্সিবিশনের ওপেন স্টেজে বাংলাদেশের পর্যটনবিষয়ক বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের একটি দল দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করে। এসব পরিবেশনা দেশি-বিদেশি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে।এর আগে বাংলাদেশ বুথ পরিদর্শন করেন মালয়েশিয়া পর্যটন বোর্ডের ডেপুটি ডিরেক্টর জেনারেল আকবাল সেতিয়া। তিনি প্রদর্শনীতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং দেশটির পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।