Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫ - MZamin

টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ (পার্টস) চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষ চলাকালীন সময়ে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুইদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে গিমাডাঙ্গা গ্রামের রোমান শেখের মোটরসাইকেলের কয়েকটি যন্ত্রাংশ (পার্টস) চুরি হয়। তখন হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গওহরডাঙ্গা গ্রামের তাহিন ও হাসান নামের দুই যুবককে শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার বেলা ১২টায় তাদের কলেজের সামনে পেলে জিজ্ঞাসাবাদ করে রোমানসহ আরও কয়েকজন। একপর্যায়ে তাহিন ও হাসান পার্শ্ববর্তী শ্রীরামকান্দি গ্রামের বন্ধুদের ডাকলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। এ ঘটনার পর দুপুরে পাটগাতী বাসস্ট্যান্ডে গিমাডাঙ্গা-শ্রীরামকান্দি গ্রামের লোকজন ইটপাটকেল নিক্ষেপ শুরু করে সংঘর্ষে জড়ায়।

এতে প্রায় ঘণ্টাব্যাপী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে মামলা আতঙ্কে হাসপাতালে ভর্তি না হয়ে গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন আহতেরা। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গিমাডাঙ্গা- শ্রীরামকান্দি দুই গ্রাম সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ছাড়া উভয়পক্ষের কারও কোনো অভিযোগ থাকলে থানায় লিখিতভাবে দেয়ার জন্য বলা হয়েছে।