আজান দেয়ার প্রক্কালে মুয়াজ্জিনের মৃত্যু

ফন্ট সাইজ:

ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন মো. শাহজাহান মিস্ত্রি নামে এক মুয়াজ্জিন। চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। শাহজাহান মিস্ত্রি একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রি ভোরে ফজরের নামাজের আজান দেয়ার উদ্দেশ্যে মসজিদে যান। প্রথমে তিনি ইমাম মাওলানা নূরুল ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। এরপর তিনি যথারীতি মসজিদে প্রবেশ করেই নির্দিষ্ট সময়ে আজান দেয়ার জন্য অপেক্ষা করেন। হঠাৎ তিনি মাথা ঘুরে নিচে পড়ে যাওয়ার আওয়াজ শুনে ইমাম দৌড়ে মসজিদে প্রবেশ করেন।

এরপর তিনি মসজিদের মুসল্লি আবদুল ওয়াদুদ, মো. ইয়াছিন, ইসমাইল হোসেন, মুয়াজ্জিনের ছেলে হাসান আর্মিকে খবর দেন। তারা মসজিদে প্রবেশ করেই মুয়াজ্জিনকে মৃত অবস্থায় দেখতে পান। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারিছ মাস্টার বলেন, ইমামের মাধ্যমে জানতে পেরে মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রির বাড়িতে গিয়ে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়েছি। শ্রীপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, লোক মারফত জানতে পেরেছি, বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রি ফজরের আজান দেয়ার উদ্দেশ্যে মসজিদে অবস্থানকালে ইন্তেকাল করেছেন।