চট্টগ্রাম নগরের বাকলিয়ায় লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই সার মজুতের অভিযোগে আটটি গোডাউনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় টিএসপি, এমওপি ও ডিএপি মিলে প্রায় ১ হাজার ৮০০ বস্তা সার জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ভেড়ামার্কেট ও নতুন চাক্তাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। একই ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম। জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে আটটি গোডাউনে তল্লাশি চালিয়ে বৈধ লাইসেন্স ও কাগজপত্র ছাড়াই মজুত করে রাখা সার পাওয়া যায়।
পরে প্রায় ১ হাজার ৮০০ বস্তা টিএসপি, এমওপি ও ডিএপি সার জব্দ করা হয়। জব্দ করা সার প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা এবং বাকলিয়া থানার ওসি যৌথ জিম্মায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে এক ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। একই অপরাধে অপর ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তার কাছ থেকেও জরিমানার অর্থ নগদ আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম বলেন, কৃত্রিম সংকট তৈরি কিংবা অবৈধভাবে সার মজুতের মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার চেষ্টা করা হলে কোনো ছাড় দেয়া হবে না। সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
