সাভারের হেমায়েতপুরে র্যাব পরিচয়ে ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মচারীর কাছ থেকে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি। এর আগে মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর থানার টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. জুয়েল শিকদার (৪০), মো. তামিম (২৪) ও উজ্জ্বল সরদার (২০)।
এসআরবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভারের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়ার আর কে এন্টারপ্রাইজের মালিক মো. রেজাউল করিমের প্রতিষ্ঠানটি নিয়মিত আইএফআইসি ব্যাংকের মাধ্যমে বড় অঙ্কের আর্থিক লেনদেন করতো। গত ১০ই সেপ্টেম্বর সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানের কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮) ব্যবসায়িক প্রয়োজনে হেমায়েতপুর শাখা থেকে ২৬ লাখ টাকা উত্তোলন করেন। পরে টাকা একটি ব্যাগে নিয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তারা র্যাব পরিচয় দিয়ে ইসরাফিলকে ঘিরে ধরে টাকা ভর্তি ব্যাগটি নেয়ার চেষ্টা করে। কিন্তু ইসরাফিল ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রথমে প্রাণনাশের ভয় দেখানো হয়।
একপর্যায়ে হামলাকারীরা লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে তার কাছ থেকে ২৬ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আর কে এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেন।
এদিকে ঘটনার পর এসআরবি’র একটি দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর থানার টেকেরঘাট আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
