Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
তারাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ - MZamin

তারাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় কালিয়ান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার গালাগাঁও নায়েব অফিসের সামনে নদী থেকে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। সরজমিন দেখা যায়, নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল বিশ্বাসের বড় ভাই মামুন বিশ্বাসের নেতৃত্বে এ বালু উত্তোলন চলছে। নদী থেকে উত্তোলন করা বালু ফয়সাল বিশ্বাসের ঠিকাদারি কাজের আওতাধীন গালাগাঁও স্কুলের নির্মাণাধীন ভবনের মাটি ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। কোনো বৈধ বালুমহাল থেকে নয়, নদীর নির্দিষ্ট স্থান থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীর ভাঙনসহ আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে ঘটনাস্থলে বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে ফয়সাল বিশ্বাসের লোকজনের বিরুদ্ধে। দৈনিক গণকণ্ঠের তারাকান্দা প্রতিনিধি আনোয়ার হোসেনের মোবাইল কেড়ে নেয়ার চেষ্টার অভিযোগ করেছেন তিনি। এ সময় সংবাদ প্রকাশ করলে হুমকিও দেয়ার অভিযোগ রয়েছে। সাংবাদিক আনোয়ার হোসেন বলেন, বালু উত্তোলনের বিষয়টি সরজমিন দেখতে ও তথ্য সংগ্রহ করতে গেলে কয়েকজন আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

একপর্যায়ে আমার মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করা হয়। সংবাদ প্রকাশ করলে দেখে নেয়ার হুমকিও দেয়া হয়। গালাগাঁও ইউনিয়ন ভূমি কর্মকর্তা হনুফা বেগম বলেন, আমি তাদের ড্রেজার বন্ধ করতে বলেছি। কিন্তু তারা আমার কথা শুনছেন না। বিষয়টি উপজেলা নির্বাহী মহোদয়কে জানিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বালুমহাল ছাড়া নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে ও মামুন বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।