Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
নবীনগরে ১৩০ মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি - MZamin

নবীনগরে ১৩০ মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

ফন্ট সাইজ:

শারদীয় দুর্গাপূজার আর মাত্র ১১ দিন বাকি। দেবী দুর্গার আগমনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এখন চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার ভোলাচং, শ্রীরামপুর, ডোলাবাড়িসহ বিভিন্ন এলাকার কুমারপাড়ায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাটি, খড় ও রং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। একইসঙ্গে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপেও চলছে সাজসজ্জার কাজ। কোথাও নির্মাণ করা হচ্ছে মণ্ডপ, কোথাও চলছে আলপনা ও তোরণ তৈরির কাজ। পাশাপাশি শুরু হয়েছে আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জার প্রস্তুতি। সরজমিন নবীনগরের কুমারপাড়ায় দেখা যায়, কারিগরদের কেউ প্রতিমার কাঠামো তৈরি করছেন, কেউ মাটির প্রলেপ দিচ্ছেন, আবার কেউ ব্যস্ত প্রতিমায় রং ও অলংকরণের কাজে। উপজেলায় এবার ১৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পূজাকে কেন্দ্র করে এসব মণ্ডপে ইতিমধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে। পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। এখন অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণেরÑ ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হবে পূজামণ্ডপ। মৃৎশিল্পীদের নিপুণ হাতে তৈরি প্রতিমা যখন মণ্ডপে উঠবে, তখনই পূর্ণতা পাবে তাদের দীর্ঘদিনের শ্রম। দুর্গার আগমনী বার্তায় ইতিমধ্যেই উৎসবের রংয়ে রাঙতে শুরু করেছে নবীনগর। এ বিষয়ে উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক এডভোকেট বিনয় চক্রবর্তী বলেন, উপজেলায় এবার মোট ১৩০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমাদের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্নের পথে।