চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে প্রাণ গেল ব্যবসায়ীর

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিংকু ফিলিং স্টেশন ও ইটভাটার একজন ব্যবসায়ী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন রিংকু। পরে স্থানীয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। ডেঙ্গু শনাক্তের পরপরই দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরিস্থিতি খারাপ হলে সোমবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় জেলায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

২৫০ শয্যার জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮০ জনের অধিক রোগী। হাসপাতালের তথ্যমতে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর-এর কীটতত্ত্ব জরিপে শহরের ৩৬ শতাংশ বাড়িতেই এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। এটিকে অত্যন্ত উদ্বেগজনক ও উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন উদ্বেগজনক বাস্তবতার মুখেও স্থানীয় প্রশাসন ও পৌরসভার কার্যক্রম সেই পুরনো বৃত্তেই আবদ্ধ। লোক দেখানো পরিচ্ছন্নতা অভিযান ছাড়া বাস্তবমুখী ও সমন্বিত কোনো পদক্ষেপ চোখে পড়েনি। প্রশাসনের ব্যর্থতার চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকেই। জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বাড়ানো জরুরি।