মোটরসাইকেল চালানো তরুণ পিয়াল সেখের শখ। দেড় বছর আগে কেনা বাইকটি নিয়ে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন স্থানে। কিন্তু সেই বাইকই কেড়ে নিলো তার প্রাণ। পিয়াল সেখ গত সোমবার রাত ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জ সয়দাবাদ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের সহযোগিতায় সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। কিন্তু ঢাকায় নেয়ার পথেই তিনি মারা যান। পিয়াল সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের সেলিম রেজার একমাত্র ছেলে।
নিহত পিয়ালের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ শহরে ঘুরতে বের হন। এরপর যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে একটি অজ্ঞাত বাসকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা প্রথমে এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মারা যায়। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বলেন, পুলিশ পৌঁছার আগেই গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই তরুণকে হাসপাতালে নিয়ে যায়।
