কাঠবোঝাই ভ্যান উল্টে দিনমজুর নিহত, ছেলে হাসপাতালে

ফন্ট সাইজ:

পিরোজপুরের নেছারাবাদে কাঠবোঝাই ভ্যানগাড়ি উল্টে মো. বশির (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় তার চার বছরের ছেলে নাঈম গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের হাজীরপুর এলাকায় স্টিলব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী মো. মাসুদ বলেন, দুর্ঘটনাস্থলের পাশে তার দোকান রয়েছে। হঠাৎ বিকট শব্দ ও চিৎকার শুনে বাইরে এসে দেখেন, স্টিলব্রিজের কাছে খালের পাড়ে ব্যবসায়ীদের রাখা গোলকাঠের উপর কাঠবোঝাই একটি ভ্যানগাড়ি উল্টে পড়ে আছে। তার নিচে চাপা পড়ে আছেন গাড়িচালক এবং পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।

বশিরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বশিরের মেয়ে বলেন, আহত নাঈম তার ছোট ভাই এবং নিহত ব্যক্তি তার বাবা। তাদের মা নেই। তাই বাবা নিয়মিত ছোট ভাইকে সঙ্গে নিয়েই কাজে বের হতেন। নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার আরিফা সিদ্দিকা বলেন, হাসপাতালে আনার আগেই বশিরের মৃত্যু হয়েছে। পুলিশ এসে লাশ নিয়ে গেছে। নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।