‘ফ্যাসিস্টদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’

ফন্ট সাইজ:

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্টদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা কিছু জায়গায় বোমাবাজি করে ডাকাতি করার চেষ্টা করেছে। হয়তো তারা মনে করছে, এরকম দু’-একটি ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তা হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা অকুণ্ঠ সমর্থন জানিয়ে প্রমাণ করে দিয়েছেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন, দেশের শান্তি ও নিরাপত্তা চান। কেরানীগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতিহাসে যেটা প্রমাণিত হয়েছে, ফ্যাসিস্ট একবার পালিয়ে গেলে সে ফ্যাসিস্ট আর কখনো ফিরে আসতে পারে না। অতএব, কেউ যদি এই কথা বলে, তাহলে তা ভুল।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) আদনান জুলফিকার, কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস, ঢাকা জেলা দক্ষিণ অফিসার ইনচার্জ টিআই সাহিদুল ইসলাম সাঈদ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, পূজা উদ্যাপন কমিটির সভাপতি নিপেন বাবু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মদন মোহন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিশ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তায়েবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শিবলী জ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা প্রকৌশলী মো. গোলাম সরওয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হালিমা বেগম প্রমুখ। আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে হিন্দু ভাইয়েরা সুস্থ ও সুন্দরভাবে পালন করতে পারে, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।