Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
সাঘাটায় নবাগত ওসি’র সঙ্গে বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার সৌজন্য সাক্ষাৎ - MZamin

সাঘাটায় নবাগত ওসি’র সঙ্গে বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার সৌজন্য সাক্ষাৎ

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় সামাজিক সংগঠন ‘বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা’র নেতৃবৃন্দ। সম্প্রতি থানা কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতকালে নবাগত ওসিকে সংবর্ধনা জানানো হয় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়। সাক্ষাৎকালে বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় সাঘাটা উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সংস্থার নেতৃবৃন্দ জানান, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন। সমাজকে মাদকমুক্ত করতে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তারা জোর দেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার সভাপতি ও শিকড় হাউজিংয়ের চেয়ারম্যান আলহাজ্ব শহীদুজ্জামান খন্দকার বলেন, “সাঘাটা আমাদের প্রাণের অঞ্চল। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং তরুণদের মাদকমুক্ত রাখা আমাদের সবার দায়িত্ব। বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা সবসময় সামাজিক কল্যাণে কাজ করে আসছে। নবাগত ওসির নেতৃত্বে সাঘাটায় অপরাধ দমন ও শান্তির পরিবেশ আরও জোরদার হবে বলে আমরা আশাবাদী। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা দিতে আমাদের সংস্থা সর্বদা প্রস্তুত রয়েছে।”

সাঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা সংস্থার নেতৃবৃন্দের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাঘাটার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমার প্রধান লক্ষ্য। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখবে। সাঘাটার সাধারণ মানুষের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে সেবা প্রদান করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ থেকে অপরাধ নির্মূলে স্থানীয় সামাজিক সংগঠন ও জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।” উক্ত সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার সাধারণ সম্পাদক ও কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত সদস্য সিরাজুল ইসলাম, মোনারুল ইসলাম, আশিকুর রহমান ও শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।