কলেজে আসন খালি থাকার কারণ যোগ্য প্রার্থী না থাকা: শিক্ষামন্ত্রী

ফন্ট সাইজ:

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষ হলেও দেশের অনেক কলেজে আসন খালি রয়েছে। এর প্রধান কারণ নির্ধারিত আসন সংখ্যার তুলনায় যোগ্য প্রার্থী না থাকা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি হওয়ার জন্য যে নির্দেশিকা দেয়া হয়েছে, সে অনুযায়ী শিক্ষার্থীরা আবেদন করেছেন। প্রথম ধাপে আবেদনকারীদের ভর্তি সম্পন্ন হওয়ার পরও অনেক কলেজে আসন খালি রয়েছে। নির্ধারিত আসনের তুলনায় যোগ্য প্রার্থী না থাকাই এর প্রধান কারণ। এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে ২০২৭ সালের কারিকুলামে চতুর্থ শ্রেণির পাঠ্য বইয়ে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ বিষয়টি যুক্ত করা হয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণির পাঠ্য বইয়ে আনন্দময় শিক্ষা, খেলাধুলা ও কারিগরি শিক্ষাসহ চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে। ২০২৮ সালে এ শিক্ষাব্যবস্থাকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করা হবে। কুমিল্লার নারীশিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানির ওপর লেখা পাঠ্য বইয়ে আসবে। কাজ চলছে বলে তিনি অবহিত করেন। জাতীয় পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে আয়োজকরা জানান, এর মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে।

এদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেন, এই সংকটটা বৈশ্বিক, এর সমাধান জনগণের ওপর যতটুকু চাপ আমরা প্রশমন করে সরকারি সহযোগিতার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করবে বলে মন্তব্য করেছেন তিনি। কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ইতিবাচকভাবে কুমিল্লার স্বার্থে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। সকাল ১১টার দিকে কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেনÑ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, মোবাশ্বর আলম ভূঁইয়া এমপি।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজসহ ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।