মানিকগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছয়জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী নিবিড় যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার পাশাপাশি আগামী দিনে তাদের সাধারণ স্কুল ও মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই শুভ উপলক্ষকে উদ্যাপন করতে মঙ্গলবার তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। বেলা দুইটায় বিদ্যালয় কক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। মানিকগঞ্জ প্রেস ক্লাব ও মানিকগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ এবং মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাফরোজা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্পাদক মিজানুর রহমান খান, সহকারী ফিজিওথেরাপিস্ট মোছা. তানিয়া সুলতানা, অভিভাবক রোমেজা আক্তার অনুষ্ঠানে বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুশিক্ষা, তাদের লুকিয়ে থাকা মেধা ও প্রতিভার বিকাশ এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং তাদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
