Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
উখিয়ায় সরকারি খাস পুকুর ও চলাচলের পথ নিয়ে বিরোধ - MZamin

উখিয়ায় সরকারি খাস পুকুর ও চলাচলের পথ নিয়ে বিরোধ

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়া উপজেলার দারোগা বাজারে সরকারি খাস পুকুর ও এর পাশের চলাচলের পথ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের ব্যবহৃত পুকুরে প্রবেশে বাধা এবং চলাচলের পথ সংকুচিত করার অভিযোগ উঠেছে। এতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দারোগা বাজারের কাঁচাবাজার এলাকার কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী। অভিযোগে মৃদুল আইচ, পিতা-অভিনাশ চন্দ্র আইচের বিরুদ্ধে খাস পুকুর ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীদের দেয়া তথ্যে জানা যায়, ১৩৫৪ নম্বর খতিয়ানের ৬৩২৭, ৭১৩৯ ও ৭১২১ নম্বর দাগের অন্তর্ভুক্ত প্রায় ৮ থেকে ৯ শতক জমির মধ্যে একটি পুকুর রয়েছে। পুকুরটির পাশাপাশি থাকা চলাচলের পথটিও দীর্ঘদিন ধরে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয়রা ব্যবহার করে আসছেন। অভিযোগে বলা হয়, ওই জমির সংলগ্ন অংশ থেকে উৎপল বিশ্বাস প্রায় ৫ শতক জমি কিনে সেখানে একটি বহুতল ভবন নির্মাণ করেন। ভবন নির্মাণের পর পূর্বের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ে বলে অভিযোগকারীদের দাবি। পাশাপাশি খাস পুকুরে সাধারণ মানুষের স্বাভাবিক প্রবেশ ও ব্যবহারেও প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন জানান, বাজারের ভেতরে চলাচলের জায়গা কমে যাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পুকুরটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে এলেও বর্তমানে সেখানে যেতে বাধার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তাদের। অভিযোগে মৃদুল আইচের বিরুদ্ধে পুকুর ব্যবহারে বাধা দেয়ার বিষয়টি উল্লেখ করে এর প্রতিকার চাওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে অভিযোগকারীরা প্রশাসনের কাছে বিষয়টি সরজমিন তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট খতিয়ান ও দাগ যাচাই করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ, চলাচলের পথের অবস্থান ও পুকুরটি সরকারি খাস সম্পত্তি কি না তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।