সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় রোববার (৪ঠা অক্টোবর) রাতে তার মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ সদস্যরা। সোমবার রাতে শুভর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। নিহত শুভ ফেনীর দাগনভূঞা উপজেলার দেবরামপুর এলাকার লাল মোহাম্মদ ভূঞা বাড়ির শহিদ উল্লাহ’র ছেলে। শুভর সঙ্গে একই দোকানে কাজ করা ও একই রুমে বসবাসের সুবাধে সহকর্মী আরিফ জানান, দু’জন একটি দোকানে কাজ করতেন। ঘটনার দিন আসরের আজানের সময় শুভ ভবনের ছাদে যান। এর মধ্যে তার সঙ্গে কারও যোগাযোগ হয়নি। পরবর্তীতে এশার নামাজ শেষে রাতে রান্নার প্রস্তুতির সময় ছাদে যান আরিফ। লাইট জ্বালিয়ে শুভকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে শুভর কফিলের (নিয়োগকর্তা) মাধ্যমে পুলিশ ও এম্বুলেন্সে খবর দেয়া হয়। পুলিশ, সিআইডিসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে। পুলিশ আরিফকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তার প্রয়োজনীয় তথ্য ও ফিঙ্গারপ্রিন্ট রেখে ছেড়ে দেয়। জানা গেছে, বর্তমানে মরদেহ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে হাসপাতালের প্রয়োজনীয় পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতে পারে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। নিহতের মামা সিদ্দিক রাজু বলেন, এক ভাই ও এক বোনের মধ্যে শুভ ছিল বড়। তার মৃত্যুর খবরে পরিবারে বিষাদ নেমে এসেছে। কারও প্ররোচনায় শুভ আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলেও ধারণা তার মামার। এটি সত্যি হলে তথ্য-প্রমাণ যোগাড় করে দেশের আদালতেও মামলা করা হবে।
