নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৫ দিন পর পাশের বাড়ির নির্মাণাধীন টয়লেট থেকে শফিকুল ইসলাম খাঁ ওরফে শফিক (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার খাসপাড়া এলাকার ডিশ ব্যবসায়ী মামুন শেখের নির্মাণাধীন বাড়ির নির্মাণাধীন টয়লেট থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শফিক ওই এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে। স্থানীয়রা ও স্বজনেরা জানায়, মাদকদ্রব্য কেনা-বেচা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে হত্যা করে নির্মাণধীন টয়লেটের ভেতর ফেলে রাখে। নিহতের বড় ভাই জাকির খাঁ জানান, গত বৃহস্পতিবার সকালে হেরোইন কেনা-বেচা নিয়ে দ্বন্দ্বে শফিককে খুঁজতে শফিকের বাড়ি আসে একই এলাকার পিচ্চি শাজাহানের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল, সোহেলের মা সাজেদা বেগম সাজু, খালা ও এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী মাজেদা বেগম মাজু, সোহেলের বোন সুমী খাতুন ও সোহেলের ছেলে সোহাগ।

এ সময় শফিককে না পেয়ে তারা শফিকের মা জাহেরা বেগমকে মারধর করে। এরপর থেকে শফিককে আর খুঁজে পাওয়া যায়নি। এদিকে নিহত শফিকের চাচি মেহেরুন্নেছা জানান, শফিকের মোবাইল ফোনটি অপর মাদক ব্যবসায়ী রাকিবের কাছে পাওয়া যায়। তিনি আরও জানান, শফিকের মুখমণ্ডল ও বুকের অংশ পুড়ে যাওয়ার মতো ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে মারধর করে জোরপূর্বক বিষাক্ত কোনো পদার্থ খাইয়ে এবং শ্বাসরোধে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতের মা জাহেরা বেগম জানান, আমার ছেলেকে নির্মমভাবে মারা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই। বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।