জয়পুরহাটে বিএসএফের ঠেলে দেয়া তিন যুবককে ফেরত পাঠালো বিজিবি

জয়পুরহাটে বিএসএফের ঠেলে দেয়া তিন যুবককে ফেরত পাঠালো বিজিবি

ফন্ট সাইজ:

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে বিএসএফের ঠেলে দেয়া তিন যুবককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেয়। পরে তারা প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে চলে আসেন। স্থানীয় লোকজন সন্দেহমূলকভাবে তাদের আটক করে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের ২৭৬নং পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমানায় পাঠিয়ে দেন।

এ ঘটনায় বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে বেলা ১১টার দিকে পতাকা বৈঠক হয়। তবে বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি। রামকৃষ্ণপুর সীমান্তে গিয়ে দেখা যায়, ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কের উপর বিজিবি সদস্যদের সঙ্গে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের কয়েকজন বাসিন্দা পাহারা দিচ্ছেন। বিজিবি’র কড়িয়া বিওপি’র কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, বিএসএফ তিন যুবককে বাংলাদেশে পাঠিয়েছিল। বিজিবি তাদের আবার ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পাঠিয়েছে। প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আবারো পতাকা বৈঠকের চেষ্টা চলছে।