Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩০২ - MZamin

খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩০২

ফন্ট সাইজ:

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ১০ জেলা ও ২টি বিশেষায়িত হাসপাতালে নতুন করে ৩০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩০২ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৩১ জন এবং বেসরকারি হাসপাতালে ৭১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সবচেয়ে বেশি ১৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন, বাগেরহাটে ৩৫ জন, যশোরে ১৮ জন, নড়াইলে ১৮ জন, সাতক্ষীরায় ১৬ জন (সাধারণ ও মেডিকেল কলেজ মিলিয়ে), মাগুরায় ১০ জন, মেহেরপুরে আটজন, কুষ্টিয়ায় সাতজন এবং চুয়াডাঙ্গায় ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরের ১লা জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত খুলনা বিভাগে মোট ১৫ হাজার ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৩৭৯ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।