ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খেলার মাঠের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া ২ কোটি টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর পুরান পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতেই এই বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে মাঠের ড্রেনেজ সিস্টেমের উন্নয়ন, ক্রিকেট পিচ সংস্কার ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ সম্পন্ন করা হবে।চেক হস্তান্তর অনুষ্ঠানে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ ডাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ড. আসিফ নজরুল তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিবেশ উন্নয়নে সরকার ও বিসিবির সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উন্নত মানের মাঠে খেলার সুযোগ পাবেন এবং দেশের ক্রিকেটে নতুন প্রতিভা অন্বেষণে এই মাঠটি বিশেষ ভূমিকা রাখবে।
এর আগে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ও কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনের বিশেষ প্রচেষ্টায় এই মাঠ সংস্কারের বিষয়টি বিসিবির নজরে আনা হয়। আজকের এই চেক হস্তান্তরের মাধ্যমে দীর্ঘদিনের সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে একধাপ এগিয়ে গেলো।
