রাবিতে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান সিপিজের

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত ও স্বচ্ছ তদন্তের আহ্বান সিপিজের

ফন্ট সাইজ:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার সাংবাদিকের ওপর হামলার দ্রুত ও স্বচ্ছ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। এক্সে সংস্থার এশিয়া শাখা থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ৪ঠা অক্টোবর একটি আবাসিক হলের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনার সংবাদ সংগ্রহের সময় দ্য ডেইলি স্টার, সমকাল, বিডিনিউজ২৪ ডটকম ও আগামীর সময়ের ক্যাম্পাস প্রতিবেদকদের ওপর হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নেতাকর্মীরা লাঠিসোটা দিয়ে সাংবাদিকদের মারধর করেন।

হামলায় আহত চার সাংবাদিককেই হাসপাতালে ভর্তি করা হয়। ৫ই অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পুলিশের কাছে মামলা করেছে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করা যায়, এমন ভিডিও ফুটেজ রয়েছে। সিপিজে বলেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকরা যাতে নিরাপদে এবং সহিংসতার ভয় ছাড়াই সংবাদ সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ কর্তৃপক্ষকে। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।