পিসিবির এনওসি না পেয়ে লেজেন্ডস টুর্নামেন্টে খেলা হচ্ছে না পাকিস্তানের

পিসিবির এনওসি না পেয়ে লেজেন্ডস টুর্নামেন্টে খেলা হচ্ছে না পাকিস্তানের

ফন্ট সাইজ:

চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস। টুর্নামেন্টে অংশ নিতে সাবেক তারকা ক্রিকেটারদের প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) দিতে পিসিবি অস্বীকৃতি জানানোয় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজি দলটি।

গত বছর ভারতের দুটি ম্যাচ বর্জন করা এবং টুর্নামেন্ট কর্তৃপক্ষের পয়েন্ট বণ্টনের নীতিকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ আখ্যা দেয় পিসিবি। সে সময় প্রতিযোগিতাটিতে পাকিস্তানের অংশগ্রহণে অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়। গত আসরের রানার্সআপ দলটি এবার এনওসি পাওয়ার জন্য আয়োজকদের মাধ্যমে পিসিবির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখলেও শেষ পর্যন্ত বরফ গলনি।

পিসিবির অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্তের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান চ্যাম্পিয়নস বলে, ‘পিসিবি প্রয়োজনীয় অনাপত্তিপত্র না দেয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পাকিস্তান চ্যাম্পিয়নস অত্যন্ত দুঃখের সঙ্গে নিশ্চিত করছে যে, তারা চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অংশ নিতে পারছে না।’ বিবৃতিতে

পিসিবির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বলা হয়, ‘পাকিস্তান চ্যাম্পিয়নসের মালিক কামিল খান পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। আমরা পিসিবির কর্তৃত্ব ও সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। তবে আন্তর্জাতিক এই আসরে খেলোয়াড়দের প্রতিনিধিত্বের সুযোগ না থাকায় আমরা হতাশ। ধৈর্য ও সমর্থনের জন্য আমাদের খেলোয়াড় ও সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি।’

৩রা অক্টোবর টুর্নামেন্ট শুরু হলেও পিসিবির সঙ্গে সমঝোতার আশায় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের উদ্বোধনী ম্যাচটি স্থগিত রাখা হয়। তবে সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ঘনিয়ে আসলেও কোনো সমাধান না হওয়ায় ছিটকে যেতে হয় শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন দলটিকে। এতে করে আফ্রিদি ছাড়াও শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজদের মতো তারকাদের মাঠে নামা হলো না।