দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে আপন ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুকুল হোসেন (৩৮)। সে বিরামপুর পূর্বজগন্নাথপুর (কৃষ্টচাঁদপুর) গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় ও জমি-জমা নিয়ে বড় ভাই এটিএম শামসুজ্জামান ও ছোট ভাই মুকুল হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বড় ভাইয়ের লাঠির আঘাতে মুকুল গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত মুকুলকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। দিনাজপুর হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে মুকুলের সেখানেই মৃত্যু হয়।
অভিযুক্ত বড় ভাই এটিএম শামসুজ্জামান আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’
