বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করে সীমান্তে ফেলে গেল বিএসএফ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে গুলি করে সীমান্তে ফেলে গেল বিএসএফ

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন— আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। সূত্রমতে আব্দুল আলীম ওই এলাকার আব্দুল মজিদ মণ্ডলের পুত্র এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।

রোববার মধ্যরাতে কুড়িগ্রামের উলিপুরের সাহেবের আলগার দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে সোমবার আহত ওই দুই ভারতীয় নাগরিককে ওই এলাকার স্থানীয় দুইজন ব্যক্তি উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, পুলিশ পাহারায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ দু’জন ভারতীয় নাগরিক চিকিৎসাধীন রয়েছে। আহতদের বরাতে তিনি জানান, উলিপুর সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম দইখাওয়া চর সীমান্ত এলাকায় বিএসএফ জোয়ানরা তাদের গরু পাচারের সময় গুলি করে মৃত ভেবে সীমান্তে ফেলে চলে যায়।

আহত ইসমাইল হোসেন বলেন, ভারতীয় সীমান্তের অভ্যন্তরে তাদের বাংলাদেশি ভেবে আটক করে বিএসএফ। পরে তাদের বাংলাদেশ সীমান্তে নিয়ে এসে গুলি করে ফেলে যায়।