চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। তিনি কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন তিনি। তাঁর বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালী এলাকায়। তিনি আবদুল হক সরদারের ছেলে এবং ব্যক্তিগত জীবনে বিবাহিত ও এক সন্তানের জনক ছিলেন।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে চলাফেরা করা তিন যুবককে থামার সংকেত দেন তারা। তাদের একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তার পিছু নেন। পুলিশ সদস্যরা জানান, আল আমিনও মোটরসাইকেল নিয়ে ওই যুবককে আটকানোর জন্য অন্যদিক দিয়ে এগিয়ে যান। একপর্যায়ে জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদের পশ্চিম ফটকের কাছে পৌঁছালে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুতগতিতে এসে তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসটি তাঁকে কিছুদূর ছেঁচড়ে নিয়ে যায়। পরে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটির চালক ও স্টাফকে আটক করেন। একই সঙ্গে বাসটি জব্দ করা হয়। আহত আল আমিনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় কনস্টেবল আল আমিন গুরুতর আহত হয়েছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও বাসের স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়েছে। তার লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।
