বিএনপি’র তিন কমিটির নেতৃত্বে আসছেন কারা?

বিএনপি’র তিন কমিটির নেতৃত্বে আসছেন কারা?

ফন্ট সাইজ:

রাড্ডাকাণ্ডের পর আলোচনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। বিতর্কিত কর্মকাণ্ডের জেরে তিন কমিটি ভেঙে দেন বিএনপি’র হাইকমান্ড। শিগগিরই এসব কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে— কারা আসছেন এই তিন কমিটির শীর্ষ নেতৃত্বে। দলীয় সূত্রে জানা গেছে, ভাবমূর্তি পুনরুদ্ধারে ক্লিন ইমেজের পরীক্ষিত নেতাদের দিয়ে এই তিন কমিটি গঠনের চিন্তা-ভাবনা করছেন বিএনপি’র হাইকমান্ড। পদপ্রত্যাশী নেতারা জোর লবিং-তদবির শুরু করেছেন। তারা বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিগত দিনে রাজপথের আন্দোলন ও সংগ্রামে ভূমিকাসহ দলের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরছেন। তবে কমিটি গঠনে রাজপথের আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও পরীক্ষিত নেতারা অগ্রাধিকার পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একইসঙ্গে দখল, চাঁদাবাজি এবং বিতর্কিতরা কমিটিতে জায়গা পাবেন না বলেও সূত্রটি জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন সংগঠনের শীর্ষ দুই পদে পদপ্রত্যাশী অনেক। তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। যাচাই বাছাই প্রক্রিয়া চলছে। ওদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র কমিটি দলের কেন্দ্রীয় রাজনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ। এই কমিটি ভেঙে দেয়ার ফলে পরবর্তী নেতৃত্ব নির্ধারণ এবং মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পুনর্বিন্যাসের প্রশ্ন উঠেছে। একইভাবে ঢাকা মহানগর উত্তর যুবদল ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্তির ফলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে অপেক্ষা। নতুন কমিটিতে কারা আসছেন এবং তৃণমূলের সক্রিয় নেতাদের কীভাবে মূল্যায়ন করা হবে— এসব প্রশ্ন দেখা দিয়েছে। মূলত দখল ও চাঁদাবাজির অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ৩ নেতা, উত্তর যুবদলের ৩ নেতা, মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
গত ৩০শে সেপ্টেম্বর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ঘটনাকে কেন্দ্র করে তিন সংগঠনের কমিটি ভেঙে দেয়া হয়।

নতুন কমিটিতে আলোচনায় যারা?
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র কমিটি ভেঙে দেয়ার পর দলের ভেতরে আলোচনা উঠেছে নতুন নেতৃত্বে কারা আসছেন? এবার কমিটিতে দলের ত্যাগী, যোগ্য, আন্দোলন এবং সংগ্রামে ভূমিকা রাখা ও তরুণ নেতাদের মূল্যায়ন করা হবে। মূলত যারা দলের সুনাম বয়ে আনবেন তাদেরকে নিয়েই নতুন কমিটি গঠন করা হবে।

শিগগিরই এই ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। উত্তরে শীর্ষ দুই পদে আলোচনায় রয়েছেন— বিলুপ্ত কমিটির আহ্বায়ক আমিনুল হক, মহানগর বিএনপি’র নেতা এসএম জাহাঙ্গীর, আনোয়ারুজ্জামান আনোয়ার, যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, এবিএম আব্দুর রাজ্জাক, মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব উল করিম জাফর, ফারুক হোসাইন ভূঁইয়া।

ওদিকে মহানগর উত্তর যুবদলে আলোচনায় রয়েছেন- মো. আমিনুল ইসলাম, আবুল হাসান টিটু, মনিরুল ইসলাম স্বপন, মিজানুর রহমান রাজ, তসলিম আহসান মাসুম, মনিরুল ইসলাম মনির এবং জুলহাস আহমেদ। কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল মানবজমিনকে বলেন, নতুন কমিটি গঠনের বিষয়ে যাচাই বাছাই চলছে। শিগগিরই কমিটি গঠন করা হবে।