১০ই অক্টোবর সারা দেশ যন্তর মন্তরে আসবে

তেলাপোকাদের হুঁশিয়ারি

১০ই অক্টোবর সারা দেশ যন্তর মন্তরে আসবে

ফন্ট সাইজ:

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আগামী ১০ই অক্টোবর সারা দেশ সমবেত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে। তার এক্স অ্যাকাউন্টে দীপকে লিখেছেন, “...১০ই অক্টোবর কো পুরা দেশ আ রাহা হ্যায়...”। জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিতে যন্তর মন্তর ২.০ অভিযানের ডাক দিয়েছে সিজেপি। সিজেপি নেতাদের ঘোষণা, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। ১০ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সর্ববৃহৎ গণ-সমাবেশ নিশ্চিত করতে হবে ভারতের জনগণকে।
তবে ১০ই অক্টোবর দেশব্যাপী প্রতিবাদের প্রাক্কালে তেলাপোকা জনতা পার্টির নেতাদের গ্রেপ্তার করা হতে পারে বলে দাবি করা হয়েছে। তেলাপোকা জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস এক্স-এ এক পোস্টে দাবি করেছেন, “সরকার আমাকে, অভিজিৎ (দীপকে), আশুতোষ (রঙ্কা), রত্না (সিং) এবং সিজেপি’র অন্যান্য নেতাদের গ্রেপ্তার করার পরিকল্পনা করছে।”

সৌরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সরকার যদি মনে করে যে, এ ধরনের স্বৈরাচারী পদক্ষেপ কাজে আসবে, তবে তারা ভুল করছে! তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আমরা সবার প্রতি আহ্বান জানাই—আমরা সঙ্গে থাকি বা না থাকি, আপনারা নিজেদের অধিকার ও ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যান। জেল বা তার চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে আমরা সর্বদা প্রস্তুত।
তিনি আরও বলেছেন, “আমরা তিনজনই জেলে যাওয়ার জন্য প্রস্তুত। এ নিয়ে আমাদের কোনো ভয় নেই। বরং যারা এই দেশকে ধ্বংস করতে মরিয়া, তাদেরই ভীত হওয়া উচিত—এবং তারা ভীতও বটে। গান্ধী যেমনটি বলেছিলেন, ‘ভয় থেকেই সহিংসতা ও ঘৃণার জন্ম হয়’। সরকার ভীত, আর তাই তারা সহিংসতার পথ বেছে নিচ্ছে। আমরা ৩০ বছর বয়সী তরুণ, যারা একটি উন্নত ও অধিক জবাবদিহিমূলক ভারতের জন্য লড়াই করছি। আমাদের হারানোর কিছু নেই। আপনারা আমাদের গ্রেপ্তার করতে পারেন, মারধর করতে পারেন, এমনকি হত্যাও করতে পারেন,” তিনি বলেন।

এদিকে সোমবার পুনেতে ফের আরেকবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে নির্বাচন বর্জনের কথা বলেছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, জ্ঞানেশ কুমার যত দিন ক্ষমতায় রয়েছেন, যত দিন তার তৈরি ভোটার তালিকা মেনে নির্বাচন হবে, তত দিন সেই ভোটে অংশ নেয়া অর্থহীন। কারণ, সেই ভোটে কারা জিতবে, তা আগে থেকেই ঠিক করা রয়েছে।

দীপকে যুক্তি দেখিয়ে বলেছেন, মোদি-হাওয়া যখন তুঙ্গে, তখনো যেসব রাজ্যে বিজেপি জিততে পারেনি, সেসব রাজ্যে এখন তারা হেলায় জিতছে। এটা হতে পারছে জ্ঞানেশ কুমারের বদান্যতায়। জ্ঞানেশ সরে গেলে ও এসআইআর ফ্রিজ হলে বোঝা যাবে, কতো ধানে কতো চাল। দেখা যাবে ক’টা আসনে বিজেপি জেতে।
দিল্লিতে ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস এসোসিয়েশন’ (আইসা)-এর বিক্ষোভ গত দু’দিন ধরে অব্যাহত রয়েছে। ২রা অক্টোবর শুরু হওয়া এই বিক্ষোভ চলাকালে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ শত শত বিক্ষোভকারীকে আটক করেছে এবং তিনটি এফআইআর দায়ের করেছে।