চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে এসআরবি। সোমবার দুপুরে আগারগাঁও এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বপনকে এসআরবি গ্রেপ্তার করেছে। পরে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশের ভাষ্য, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই অমৃতা বলেন, মিজানুর রহমান স্বপন বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
