জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাসেম বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার নিজেদের ফেসবুক পেজে দেয়া পৃথক পোস্টে এ তথ্য জানান তারা। প্রায় এক দশকের সম্পর্কের পর পারস্পরিক বোঝাপড়ায় বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দু’জন। বিবৃতিতে প্রীতম ও শেহতাজ জানান, সিদ্ধান্তটি হঠাৎ করে নেয়া হয়নি। নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য উপলব্ধি করায় আলাদা পথে এগিয়ে যাওয়া দু’জনের জন্যই ভালো হবে বলে মনে করেন তারা।
বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারা বলেন, একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সব সময় থাকবে। জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। প্রায় এক দশক আগে ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। ওই গানে শেহতাজ মডেল ছিলেন। কাজের সূত্রে পরিচয় থেকে একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালের ২৮শে অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শেহতাজ ‘শুধু তোমার জন্য’ গানের মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পান। পরে উপস্থাপনা ও অভিনয়েও দেখা গেছে তাকে। অন্যদিকে, প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে প্রীতম গান ও অভিনয়— দুই মাধ্যমেই পরিচিত। দু’জনই তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তারা বিষয়টি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের আলোচনা করতে চান না বলেও জানান।
