রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’। একের পর এক আন্তর্জাতিক উৎসবে যাচ্ছে, আর করছে বাজিমাত। বিখ্যাত রটারড্যাম উৎসবে অংশ নিয়েও ইতিহাস গড়েছিল সিনেমাটি। এবার এটি পুরস্কার জিতে নিলো ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে। উৎসবটিতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘মাস্টার’। খবরটি জানিয়েছেন নির্মাতা সুমিত।
তিনি বলেন, সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এলো! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন ‘মাস্টার’ সিনেমাটির সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ। লুক্কা উৎসবে এ বছর বিশ্ব চলচ্চিত্রের দুই নক্ষত্র নান্নি মোরেত্তি এবং জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) দেয়া হয়েছে। পাশাপাশি পরিচালক নিকোলাস উইন্ডিং রেফন উপস্থিত ছিলেন তার নতুন সিনেমা নিয়ে; যেটা ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’ পেয়েছে।
এবারের উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে বেশ কিছু শক্তিশালী সিনেমা ছিল। তার মধ্যে ‘মাস্টার’কে বেছে নেয়ার জন্য জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুমিত। ‘মাস্টার’ নিয়ে জুরি বোর্ডের অফিসিয়াল বক্তব্যটি এ রকম— স্থানীয় একটি গল্পের মধ্যদিয়ে বর্তমান সময়ে বিশ্ব জুড়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যে সংকটের মুখোমুখি হচ্ছে, তা তুলে ধরার অসাধারণ সক্ষমতার জন্য (পুরস্কারটি দেয়া হলো)। ‘মাস্টার’র নাম ভূমিকায় আছেন নাসির উদ্দিন খান। এ ছাড়াও অভিনয় করেছেন— আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, মাহমুদ আলম প্রমুখ।
