আজই দুবাই যাচ্ছেন শান্ত

আজই দুবাই যাচ্ছেন শান্ত

ফন্ট সাইজ:

আইচি-নাগোয়া এশিয়ান গেমস থেকে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। তীব্র জ্বরের কারণে দীর্ঘ দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েও মাঠে নামা হয়নি তার। এমনকি আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছিল বড় সংশয়। সেই শঙ্কা কাটিয়ে অবশেষে দলে যোগ দিচ্ছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। গত ১লা অক্টোবর টেস্ট দল দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়লেও শান্ত তখন সঙ্গী হতে পারেননি। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, আজ সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন শান্ত।


জাপানে জ্বরে আক্রান্ত হওয়ার পর বেশ ভুগতে হয়েছিল এই বাঁহাতি ব্যাটারকে। ডেঙ্গুর আশঙ্কা করা হলেও দেশে ফেরার পর দ্রুতই সুস্থ হয়ে ওঠেন তিনি। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল রাতে মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছেন শান্ত। এরপর গতকাল ও আজ সকালে মিরপুর একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলনও সেরে নিয়েছেন।


আবুধাবিতে গিয়ে দলের সাথে দুই দিন প্রস্তুতির সময় পাবেন শান্ত। আগামী ৯ অক্টোবর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বর্তমানে শান্তকে ছাড়াই সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা।


​