শ্রীলঙ্কার কাছে শেষ বলে হারলো জুনিয়র টাইগ্রেসরা

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কার কাছে শেষ বলে হারলো জুনিয়র টাইগ্রেসরা

ফন্ট সাইজ:

জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রয়োজন ছিল ৮ রান। এ রান ডিফেন্ড করতে এসে শুরুটাও মন্দ হয়নি বাংলাদেশের পেসার ফারজানা ইয়াসমিনের। প্রথম বল ডট করার পর পরের তিন বলে দেন পাঁচ রান। শেষ ২ বলে তখন লাগতো ২ রান। পঞ্চম বল করতে এসে ওয়াইড করে বসেন ইয়াসমিন। পরের বলেই উইকেট। তবে শেষ বলে ২ রানের সমীকরণ মিলিয়ে  ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৪ উইকেট হারালো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩০ রানে হারায় জুনিয়র টাইগ্রেসরা। ত্রিদেশীয় সিরিজের তিন ম্যাচ শেষে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা অর্নূর্ধ্ব-১৯ দলের পয়েন্ট সমান। রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামীকাল সকাল ১১টায় পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে সাদিয়া ইসলামের দল।




পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার মাইমুনা নাহার সাজঘরে ফেরেন। তাকে ফেরান চামোদি হেরাথ। দ্বিতীয় উইকেট জুটিতে ২২ রান তোলেন ওপেনার আছেনা জান্নাত ও তিনে নামা নিশিতা আক্তার নিশি। ২৪ বলে ১৬ রানের ইনিংস খেলা আছেনাকে ফেরান আসেনি থালাগুনে। চারে নামা বিবি আয়েশা রানের খাতা খোলার আগে ফিরে যান। ২৮ রানে তিন উইকেট হারানো বাংলাদেশ ঘুরে দাঁড়ায় চতুর্থ উইকেট জুটিতে। নিশিতা ও অধিনায়ক সাদিয়া ইসলাম মিলে ৫৬ রানের জুটি গড়েন। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করা সাদিয়াকে ফেরান চামোদি হেরাথ। ১৭তম ওভারে ব্যক্তিগত ২৬ রানে আউট হন নিশিতা। শেষদিকে সাদিয়া আক্তারের ১৮ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে জুনিয়র টাইগ্রেসরা। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে ওপেনার নেথমি উপেকশাকে হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। ওপেনার সাঞ্জানা কাভিন্ডি ও ভিমোক্ষা বালাসুরিয়া মিলে স্কোরবোর্ডে ৬২ রান যোগ করেন। ২৬ বলে ২১ রান করা বালাসুরিয়াকে বোল্ড করে বাংলাদেশকে ব্যাকথ্রু এনে দেন নিশিতা আক্তার নিশি। এরপর ১৮ রানের ব্যবধানে তিন শ্রীলঙ্কান ব্যাটারকে ফিরিয়ে ঘুরে দাঁড়ায় জুনিয়র টাইগ্রেসরা। টানা উইকেট হারিয়ে চাপে পড়া শ্রীলঙ্কাকে শেষ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন অলরাউন্ডার দানোদিয়া সেউমিনি ও লিমাসসা থিলাকারাত্নে। বাংলাদেশের হয়ে নিশিতা ৪ ওভারে ২৬ রান দিয়ে দুটি উইকেট নেন। ২ ছক্কা ও ৪ চারে ৪৬ বলে ৪৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা শ্রীলঙ্কার সাঞ্জানা কাভিন্ডি।
​