অবরুদ্ধ গাজা উপত্যকার ৮০ শতাংশের বেশি ভবন পুরোপুরি ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (পিসিবিএস) এ তথ্য জানিয়েছে। বিশ্ব বসতি দিবস ও আরব আবাসন দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে পিসিবিএস বলেছে, জাতিসংঘ স্যাটেলাইট কেন্দ্র (ইউএনওস্যাট) পরিচালিত সর্বশেষ স্যাটেলাইটভিত্তিক মূল্যায়ন অনুযায়ী, ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ২০২৬ সালের ১৬ই জুন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর আগ্রাসনে প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পিসিবিএসের হিসাব অনুযায়ী, গাজার মোট ভবনের প্রায় ৮২ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৪২২টি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। আর ১৩ হাজার ৮৪৮টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ক্ষতিগ্রস্ত আবাসিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৮ হাজার ৬২৭টিতে। ইসরাইলি বাহিনীর হাতে ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে অধিকৃত পশ্চিম তীরও। পিসিবিএস জানায়, জেনিন শরণার্থী শিবিরে মোট ৬৮০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শিবিরটির মোট স্থাপনার প্রায় ৫৩ শতাংশ। এ ছাড়া নূর শামস শরণার্থী শিবিরে ৪৩৪টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি সেখানকার মোট স্থাপনার ৫৫ শতাংশ। আর তুলকারেম শরণার্থী শিবিরে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০৭টি স্থাপনা, যা মোট স্থাপনার প্রায় ৩৭ শতাংশ। পিসিবিএসের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরের এসব ক্ষয়ক্ষতির হিসাব ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
গাজায় ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত করেছে ইসরাইল: গবেষণায় তথ্য
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
৫ অক্টোবর (সোমবার), ২০২৬, ১ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
