গুপ্তচরবৃত্তির অভিযোগে ক্যালিফোর্নিয়ার এক নারীকে গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই)। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলের ওপর নজরদারি ও গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে আটক করা হয়। রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের সাংহাইগামী ফ্লাইটে ওঠার আগমুহূর্তে ৩৪ বছর বয়সী ওয়ানইং ঝাং ওরফে হেদার নামের ওই নারী আটক হন। যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি বিল এসাইলি এ তথ্য নিশ্চিত করেছেন। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার নারী মার্কিন বিচার বিভাগের অনুমতি ছাড়া বিদেশি প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তিনি বেইজিংয়ের নির্দেশে ২০২৫ সালে সিয়াটলে যান এবং তাইওয়ানের এক শীর্ষ কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয়ের ওপর নজরদারি চালান। সেখানে অবস্থানকালে তিনি লক্ষ্যবস্তুর ছবি, ভিডিও ও গাড়ির লাইসেন্স প্লেটের যাবতীয় তথ্য সংগ্রহ করে চীনা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছিলেন। পরিচয় প্রকাশ না করলেও তদন্তে নিশ্চিত হওয়া গেছে, নজরদারির মূল লক্ষ্য ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলে লাই টিং-ইউ।
গ্রেপ্তারের পর এক্সে দেওয়া এক বার্তায় এফবিআই পরিচালক কাশ প্যাটেল কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো বিদেশি নেতার পরিবারের ওপর চীনের হয়ে গোয়েন্দাগিরি করবেন, আবার বিমানে চেপে সাংহাই পালিয়ে যাবেন— তা আর হতে দেয়া হবে না। বিদেশি শত্রুদের জেনে রাখা উচিত, যুক্তরাষ্ট্রে বসে গুপ্তচরবৃত্তি চালানোর নিরাপদ দিন শেষ হয়ে গেছে।’ গ্রেপ্তার নারীকে আজ সোমবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে।
