দেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন গতকাল ৪ঠা অক্টোবর সকালের ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এ শিল্পী জানান, আগামী ১১ই অক্টোবর লন্ডনে এবং ১৫ই অক্টোবর স্কটল্যান্ডে দুটি শোতে পারফর্ম করার জন্যই তিনি এবার যুক্তরাজ্যে গেলেন। তার সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে আছেন তবলায় চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল ও কী-বোর্ডে পার্থ প্রতীম বাপ্পী। চন্দন দত্ত জানান, আগামী ১০ই অক্টোবর থেকে লন্ডনের হ্যানবুরি স্ট্রিট-এর দ্য ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে শুরু হতে যাচ্ছে ১৭তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব।
এই উৎসবের দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বলেন, এই উৎসব হলো যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি প্রবাসী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য একটি অন্যতম প্রধান বার্ষিক উৎসব। প্রবাসী প্রজন্মের কাছে বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা এবং তাদেরকে শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখার লক্ষ্য নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়। গত বছরই আমি প্রথম এই উৎসবে সংগীত পরিবেশন করি। এবারো আয়োজক এবং শ্রোতাদের আগ্রহে একই উৎসবে আবারো সংগীত পরিবেশন করতে যাচ্ছি। লন্ডনে শো শেষে আগামী ১৫ই অক্টোবর স্কটল্যান্ডে আরেকটি শোতে সংগীত পরিবেশন করবো। এরপর আশা করছি আগামী ১৮ই অক্টোবর দেশে ফেরার উদ্দেশ্যে রওয়ানা হতে পারবো। আশা করছি এবারের আয়োজনও সবদিক দিয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ।
