টরন্টোতে একই মঞ্চে বন্যা, শিবলী ও নিপা

টরন্টোতে একই মঞ্চে বন্যা, শিবলী ও নিপা

ফন্ট সাইজ:

টরন্টোর একই মঞ্চে রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং খ্যাতিমান নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা পরিবেশনা নিয়ে আসছেন। রবীন্দ্রসংগীত ও নৃত্যের বিশেষ এ আয়োজনটির শিরোনাম ‘মোমেন্টস উইথ লিজেন্ডস। যেটি অনুষ্ঠিত হবে ১৪ই নভেম্বর ২০২৬, শনিবার নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে। রবীন্দ্রসংগীত, মনোমুগ্ধকর নৃত্য ও বাদ্যযন্ত্রের সুরে সাজানো এই আয়োজন দর্শকদের জন্য এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয়ার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্যার কণ্ঠে প্রিয় রবীন্দ্রসংগীত এবং শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার নৃত্য পরিবেশনা হবে অনুষ্ঠানের মূল আকর্ষণ।

এ ছাড়া থাকছে জোনায়েদ আনোয়ার-এর অসাধারণ দোতরা এবং জাহাঙ্গীর হোসেনের মনোমুগ্ধকর বাঁশি। নাহিদ নাসরিন নয়ন ও গ্যালিয়ানো কনসার্ট সোসাইটি আয়োজিত পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টরন্টোর দুই নামি উপস্থাপিকা ফারহানা আহমেদ এবং অজন্তা চৌধুরী। রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা তার মায়াবী কণ্ঠে ছড়িয়ে দেবেন রবীন্দ্রনাথের প্রেম, প্রকৃতি, বিরহ ও মানবতার চিরন্তন সুর।

তার সঙ্গে বিদেশি যন্ত্র শিল্পীদের বাজানো বাঁশি, সেতার, পিয়ানো, চেলো ও তবলার অনন্য সমন্বয় এই আয়োজনকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। তেমনটা জানিয়ে অনুষ্ঠানের আয়োজক টরন্টোর জনপ্রিয় নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা সংস্কৃতির শিকড়ে ফিরে যাওয়ার এক অনন্য আয়োজন ‘মোমেন্টস উইথ লিজেন্ডস’। এ সন্ধ্যাটি সবার হৃদয়ে চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আশা করছি আপনারা সবাই দলবেঁধে আমাদের অনুষ্ঠান উপভোগ করতে আসবেন। অনুষ্ঠানস্থলের ঠিকানা টরন্টো প্যাভিলিয়ন, ১৯০ রেলসাইড রোড, নর্থ ইয়র্ক। দর্শকদের জন্য গেট খুলবে বিকাল সাড়ে ৫টায় এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।