ফের আন্তর্জাতিক সাফল্যে ‘রইদ’

ফের আন্তর্জাতিক সাফল্যে ‘রইদ’

ফন্ট সাইজ:

কানাডার মর্যাদাপূর্ণ ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগে পুরস্কার পেয়েছে। ‘রইদ’-এর ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন নাজিফা তুষি। সিনেমাটির চিত্রগ্রহণের জন্য জোয়াহের মুসাভভির জ্যোতি এবং সংগীতের জন্য রাশিদ শরীফ শোয়েব পুরস্কার অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’-এর সাফল্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেয় ছবিটি।

এবার আসন্ন অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়েছে সিনেমাটি। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ‘রইদ’-এ অ্যাডাম ও ইভের পৌরাণিক গল্পের আবহে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা। এতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ। সিনেমাটি প্রযোজনা করেছে বঙ্গ ও ফেসকার্ড। তিনটি আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মধ্যদিয়ে ‘রইদ’ বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বদরবারে আরও একবার আলোচনায় এনেছে। নির্মাতা ও কলাকুশলীরা এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সিনেমাটির শৈল্পিক ও কারিগরি দিক আন্তর্জাতিক বিচারকদের প্রশংসা পেয়েছে।