রাজধানীর রামপুরায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনসহ ৫ সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি। সঙ্গে ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলবার, ১৪ রাউন্ড গুলি ও ২টি দেশীয় ছুরিসহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, কেরানীগঞ্জ মডেল থানার একটি বাসা থেকে বিক্রয়ের জন্য মজুদ রাখা ২১৬টি অবৈধ সুইচ গিয়ার চাকুসহ এস এম রবীন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসআরবির লিগ্যাল এন্ড মিডিয়া উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।
এ সময় তিনি বলেন, দেশের অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ন্যায় এসআরবি ফোর্সেসও দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এসআরবি এর গুরুত্বপূর্ণ অভিযান চালিয়েছে।
তিনি জানান, গত ১লা অক্টোবর দুপুর ১ টা ৩০ মিনিটে ঢাকা মহানগরীর রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ মো. আল-আমিন (পিচ্চি আল-আমিন) ও তার ২ সহযোগী কামাল উদ্দিন এবং খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ০১টি বিদেশী রিভলবার এবং ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত পিচ্চি আলামিনের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে পিচ্চি আলামিনের অপর ২ জন সহযোগী মো. সোহাগ হাওলাদার মামুন এবং মো. রিফাত ইসলামকে ০২টি দেশীয় অস্ত্র (লোহার তৈরি ছুরি) সহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃত পিচ্চি আলামিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী মো. কাওছার খান এর নিকট আরও অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। উক্ত তথ্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় কাওছারের অবস্থান শনাক্ত করে ৩রা অক্টোবর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাওছারের দেয়া তথ্য মতে খিলগাঁও থানাধীন ভূঁইয়াপাড়া শফিকের টিনশেড ঘরের ভেতর থেকে একই দিন রাত ৮ টা ৩০ মিনিটে ১টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি পিস্তল এবং ১ টি ম্যাগাজিনসহ ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত পিচ্চি আল-আমিন গত ১২ই জুন রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকার চাঞ্চল্যকর সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ (হকাইল্লা পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। পিচ্চি আলামিন এর নামে রাজধানীর খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল ও গুলশান থানায় বিস্ফোরকদ্রব্য আইন, হত্যা ও অস্ত্র মামলাসহ সর্বমোট ২৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত অপর আসামিদের নামে থানায় কোন মামলা পাওয়া যায়নি।
এসআরবি জানায়, গত ৩ অক্টোবর রাতে এসআরবি-২ এর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন লাবনী পয়েন্টের একটি বাসায় বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সুইচ গিয়ার চাকু মজুদ রাখা আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-২ এর একটি আভিযানিক দল উক্ত বাসায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে ঈগল মডেলের ১৮০টি, চিতা মডেলের ২০টি, মাছরাঙ্গা মডেলের ১২টি এবং কমবোর্ড মডেল ০৪ টি সহ মোট ২১৬টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে। একই সাথে উক্ত অবৈধ সুইচ গিয়ার চাকুর মজুদদার ও সরবরাহকারী এস এম রবীনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে এসআরবি-২ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান, এসআরবি-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল ফায়েজুল আরেফীন উপস্থিত ছিলেন।
