তীব্র আবাসন সংকট মোকাবিলা ও বাড়িভাড়া কমানোর দাবিতে স্পেনে রাজপথে নেমে এসেছেন লাখো মানুষ। শনিবার রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের এ বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
মাদ্রিদের কেন্দ্রস্থল পুয়ের্তা দেল সোল চত্বরে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের ওপর উগ্র-ডানপন্থীরা হামলার চেষ্টা চালালে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উগ্র-ডানপন্থী দলের তিন সদস্যকে আটক করে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সরকার জানিয়েছে, কেবল মাদ্রিদেই প্রায় ৭০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। এর আগে মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় জনরোষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সংসদে আবাসন সংক্রান্ত কিছু জরুরি বিল উত্থাপন করা হলেও শুক্রবার তা পাস হতে ব্যর্থ হয়। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়াতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে।
এছাড়া দেশের আরও অন্তত ৫০টি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হলেও ভারী বৃষ্টির কারণে বার্সেলোনার কর্মসূচি স্থগিত রাখা হয়। এদিকে আবাসন সংস্কার বিল সংসদে প্রত্যাখ্যাত হওয়ার পর রাজনৈতিক সংকটে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবারের এই গণবিক্ষোভের তীব্রতা পর্যবেক্ষণ করে আগামী নভেম্বরে আগাম জাতীয় নির্বাচন ডাকার সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী।
