পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর ১৯ লাখ টাকা ছিনতাই

ফন্ট সাইজ:

রাজধানীর গণভবন এলাকায় পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর সাড়ে ছয় বছরের উপার্জনের বড় অংশ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টার দিকে শেরেবাংলা নগরের গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।
তল্লাশির নামে ভুক্তভোগী ওমার ফারুকের (৩০) কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। যার মূল্য প্রায় ১৯ লাখ টাকা।

এ ঘটনায় ভুক্তভোগী শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওমার ফারুক। কেরানীগঞ্জের সুবর্ণসুর গ্রামের দুদু মিয়ার চার সন্তানের মধ্যে সবার ছোট তিনি। ২০২০ সালের মার্চে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন। দুই ভাই ও দুই বোনের সংসারে ছোট ছেলেটিই ছিল পরিবারের অন্যতম ভরসা।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ফারুক। তাকে নিতে আগেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন বাবা দুদু মিয়া। সঙ্গে ছিলেন- চাচাতো ভাই আব্দুর রহমান ও দুলাল মিয়া। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করতে করতে রাত সাড়ে ১২টা। গভীর রাতে রাস্তায় ছিনতাইয়ের ভয় থাকায় তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হননি তারা। বিমানবন্দরেই বসে অপেক্ষা করেন। ভোর পৌনে ৫টার দিকে অবশেষে তারা বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি কেরানীগঞ্জের সুবর্ণপুর গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ঘটে যায় ভয়ংকর ঘটনাটি। প্রাইভেটকারটি গণভবনসংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যাল পার হয় ভোর ৫টা ৬ মিনিটের দিকে। এরপর বামে ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে একটি হায়েস গাড়ি এসে তাদের গাড়ির সামনে দাঁড়ায়। সেখান থেকে চার-পাঁচজন লোক নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন।

আরও জানা যায়, ৪ থেকে ৫ জন লোক পুলিশ পরিচয় দিয়ে জানান, তাদের গাড়িতে অবৈধ মালামাল রয়েছে, এমন খবর পেয়েছেন তারা। তাই গাড়িতে তল্লাশি করতে হবে। তারা বলেন, ‘ভয়ের কোনো কারণ নেই। আমরা কোনো কিছু নেব না, শুধু চেক করবো’। এমন কথা বলে তারা গাড়িতে তল্লাশি শুরু করেন। প্রথমে তাদের পরিচয় নিয়ে সন্দেহ হয়নি। কিছুক্ষণ পরই তারা গাড়ির চাবি নিয়ে নেন। এরপর তল্লাশির নামে ওমারের কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার হাতিয়ে নেয়। তবে ওমারের মোবাইল ফোন বা অন্য কোনো জিনিস তারা নেননি। সবকিছু ঘটে দেড় মিনিটের মাথায়।
এ প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে মামলা গ্রহণ করা হবে।