আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আইআরওএস- ২০২৬-এর ‘আর্থ রোভার চ্যালেঞ্জ’-এ বিশ্বমঞ্চে চতুর্থ স্থান অর্জন করেছে বাংলাদেশের ‘টিম ক্রাটোস’। পলিনোমিয়াল ইনস্টিটিউটের প্রতিনিধিত্বকারী দলটি ‘আরবান নেভিগেশন’ ক্যাটাগরিতে বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই প্রতিযোগীতায় সাত সদস্যের দলটি স্বায়ত্তশাসিত নেভিগেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফিল্ড রোবোটিক্সের বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেয়। আরবান নেভিগেশন পর্বে ৩ দশমিক ২৫ পয়েন্ট পেয়ে বিশ্বে তৃতীয় হয় দলটি। পরবর্তী ধাপগুলোর সম্মিলিত ফলাফলে মোট ৬ দশমিক ২৫ পয়েন্ট নিয়ে চূড়ান্ত বৈশ্বিক তালিকায় চতুর্থ স্থান নিশ্চিত করে।
আইআরওএসের ‘আর্থ রোভার চ্যালেঞ্জে’ বাস্তব জটিল পরিবেশে স্বায়ত্তশাসিতভাবে রোবট পরিচালনার সক্ষমতা যাচাই করা হয়। প্রতিযোগিতায় রোভারকে জিপিএস-নির্ধারিত চেকপয়েন্ট অতিক্রমের পাশাপাশি পথচারী চলাচল, সড়ক পরিবহন ব্যবস্থা ও ফুটপাত পারাপারের মতো পরিস্থিতি মোকাবিলা করতে হয়।
রিয়েল-টাইম নেভিগেশনের জন্য প্রতিটি দলকে নিজস্ব সফটওয়্যার, পারসেপশন ও সিদ্ধান্ত গ্রহণের প্রযুক্তি তৈরি করতে হয়েছে। শহুরে পরিবেশে রোভার পরিচালনায় বাধা এড়িয়ে চলা ও পথ নির্ধারণের সক্ষমতাও যাচাই করা হয়।
টিম ক্রাটোসের সদস্যরা হলেন আব্দুল্লাহ আল জনুয়ায়েদ, এস. এম. আবতাহী নূর, ইয়াসিন আরাফাত, মাহির শাহরিয়ার আবেদীন, নাজিয়াত উল ইসলাম লাম্মিম, মমিন উজ জামান ও জুবায়ের হাসান সাদ। পলিনোমিয়াল ইনস্টিটিউটের অধীনে পরিচালিত টিম ক্রাটোস বাস্তবমুখী রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বায়ত্তশাসিত প্রযুক্তি নিয়ে কাজ করছে।
