গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন ৭০ জন উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন ৭০ জন উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুরের ডেগেরচালা এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় তিন ঘণ্টা কাজ করে। এ সময় সাততলা ভবনের ছাদে আটকা পড়া প্রায় ৭০ জনকে টিটিএল-এর (টার্ন টেবল ল্যাডার) মাধ্যমে নিরাপদে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার দুপুরে কারখানার তিনতলায় থাকা গোডাউনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। আগুন দ্রুত ওই ফ্লোরে ছড়িয়ে পড়লে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। আগুনের ধোঁয়া ও তীব্রতায় সাততলা ভবনের তিনতলার উপরের তলাগুলোতে থাকা শ্রমিকসহ অন্যরা নিরাপত্তার জন্য ভবনের ছাদে উঠে যান। সেখানে দীর্ঘ সময় আটকা থাকায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন অসুস্থ হয়ে পড়লেও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম চৌধুরী জানান, দুপুরে আগুন লাগার খবর পেয়ে ভোগড়া, জয়দেবপুর, কোনাবাড়ি ও আশপাশের ফায়ার স্টেশনের ১০টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভানোর পাশাপাশি ভবনের ছাদে আটকা পড়া প্রায় ৭০ জনকে টিটিএল-এর মাধ্যমে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। তিনি বলেন, আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস জানায়, গোডাউনে থাকা ফেব্রিকসহ আশপাশের কাপড় ও বিভিন্ন যন্ত্রপাতি আগুনে পুড়ে গেছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থলে ধোঁয়া থাকলেও আগুনের লেলিহান শিখা দেখা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।