গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। শনিবার (৩রা অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৪৩। আর ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৬৬৬ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪৪ জন, রাজশাহীতে ২৪ জন, সিলেটে ১৫৮ জন, চট্টগ্রামে ২২৪ জন, বরিশালে ১৩৮ জন, ময়মনসিংহে ৪৯ জন, খুলনায় ৭৩ জন এবং রংপুরে ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
