রহস্যময় চঞ্চল চৌধুরী

রহস্যময় চঞ্চল চৌধুরী

ফন্ট সাইজ:

চঞ্চল চৌধুরী এবার অভিনয় করছেন এক রহস্যময় সিরিয়াল কিলারের চরিত্রে। ‘চালচিত্র: দ্য একচালা মার্ডারস’ নামের ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। দুই বছর আগে ‘চালচিত্র’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় জিয়াউল ফারুক অপূর্বর। এবার সেই গল্পের সিক্যুয়াল তৈরি হচ্ছে ওয়েব সিরিজ হিসেবে। সিরিজে ‘চালচিত্র’ সিনেমায় ব্রাত্য বসুর অভিনীত ভুবন হালদার চরিত্রটির তরুণ বয়সে দেখা যাবে চঞ্চলকে। সাধারণ একজন মানুষ কীভাবে ধীরে ধীরে সিরিয়াল কিলারে পরিণত হয়, সেই রূপান্তরের পেছনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও অতীত ইতিহাসই উঠে আসবে গল্পে।

সম্প্রতি প্রকাশ করা হয়েছে চঞ্চলের লুক। আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। চঞ্চল বলেন, তিনি সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটির অনেক স্তর রয়েছে, তবে গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না। সিরিজটিতে চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, শ্বেতা মিশ্র, বরুণ চন্দসহ অনেকে। এদিকে কলকাতার আরও দু’টি সিনেমার কাজ শেষ করেছেন চঞ্চল। ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি দু’টি গানে কণ্ঠও দিয়েছেন তিনি। অন্য সিনেমাটি সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’। দু’টিই আগামী বছর মুক্তির কথা রয়েছে। দেশের দর্শকদের জন্যও অপেক্ষায় আছে রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’। দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা থাকলেও পিছিয়ে যাওয়া সিনেমাটি আগামী বছরের ২৬শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।