নতুন সিনেমার গানে মিথিলা

নতুন সিনেমার গানে মিথিলা

ফন্ট সাইজ:

তানজিন মিথিলা এই প্রজন্মের সংগীতশিল্পী। আজ থেকে বেশ কয়েক বছর আগেই তিনি সিনেমায় গান গেয়েছেন। তবে এবার বেশ কিছুদিন বিরতি শেষে তিনি নতুন একটি সিনেমায় ভালো কথা ও সুরের একটি গান গাইলেন। সিনেমার নাম ‘ফিল্টার’। গানের শিরোনাম ‘বুঝে না বুঝে না মন’। গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর সংগীত করেছেন সজীব খান। এতে মিথিলার সহশিল্পী হিসেবে আছেন মনির। তিনদিন আগেই সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছেন মিথিলা।

তিনি বলেন, বুঝে না বুঝে না মন— গানটির কথা ও সুর আমার কাছে এত ভালো লেগেছে যে, এই গানটি নিয়ে আমার প্রত্যাশা বেড়ে গেছে। আমার বিশ্বাস গানটি শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে। কারণ গানটির রেকর্ডিং-এর সময় উপস্থিত সকলেরই গানটি ভীষণ ভালো লেগে যায়। সবাই বলছিলেন এই গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। আর আমি নিজেও গানটি খুব মন দিয়ে গাইবার চেষ্টা করেছি যেন সিনেমার এই গানটি সবার মনে জায়গা করে নেয়। একটি সিনেমার গান দিয়েও অনেক শিল্পী যুগের পর যুগ বেঁচে থাকেন। আমার প্রত্যাশা ঠিক তাই। এখন দেখা যাক গানটি প্রকাশ্যে আসলে তা কেমনভাবে শ্রোতারা গ্রহণ করেন। মিথিলা জানান, এরই মধ্যে তিনি আরও তিন/চারটি মৌলিক গানেও কণ্ঠ দিয়েছেন। বেশ কয়েকটি স্টেজ শো’তে সংগীত পরিবেশন করেছেন ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকায়। এরই মধ্যে কিছুদিন আগে তানজিন মিথিলা নতুন মৌলিক গান ‘পিরিতি পিরিতি’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। গানটির পাশাপাশি এর মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তানজিন মিথিলা।