স্মিতের সাহসিকতায় মুগ্ধ দুবাইয়ের যুবরাজ, হাসপাতালে গিয়ে জানালেন সম্মান

স্মিতের সাহসিকতায় মুগ্ধ দুবাইয়ের যুবরাজ, হাসপাতালে গিয়ে জানালেন সম্মান

ফন্ট সাইজ:

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হাসপাতালে গিয়ে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে দেখা করেছেন। মাঝ আকাশে সহকারী পাইলটের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্মিত।

হাসপাতালে স্মিতের সঙ্গে সাক্ষাতের পর তার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও প্রশংসা জানান দুবাইয়ের ক্রাউন প্রিন্স। এক্সে দেয়া এক পোস্টে শেখ হামদান লিখেন, ‘আমাদের পক্ষ থেকে এবং দেশের নেতৃত্বের পক্ষ থেকে তার প্রতি রয়েছে পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা।
তিনি আরও লিখেন, আমরা গর্বিত যে স্মিত আমাদের দলের অংশ... আমাদের দেশের গল্পের অংশ... এবং সংযুক্ত আরব আমিরাত যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তারও অংশ তিনি।
এসময় তিনি আরব আমিরাতকে সহমর্মিতা, শান্তি এবং জীবনের প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ হিসেবে উল্লেখ করেন। এক্সে পোস্ট করা সাক্ষাতের ছবি ও ভিডিওতে ক্রাউন প্রিন্সকে স্মিতের সঙ্গে কথা বলতে এবং তাকে আলিঙ্গন করতে দেখা গেছে।

গত বুধবার দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের বিমানে স্মিতের ওপর ককপিটের ‘ক্র্যাশ অ্যাক্স’ বা কুঠার দিয়ে হামলা চালিয়েছিলেন সহকারী পাইলট হামাম আলহামামি। হামলার পর বিমানটির নিয়ন্ত্রণ নেয়ারও চেষ্টা করেছিলেন তিনি।

আরব আমিরাতের প্রসিকিউটররা এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।
গত বুধবারের ওই ঘটনায় বড় ধরনের বিপর্যয় থেকে অল্পের জন্য রক্ষা পায় বিমানটি। ২৪ শিশুসহ ১৭০ জনের বেশি যাত্রী নিয়ে উড়ছিল বোয়িং ৭৩৭। প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে।

প্রতি মিনিটে প্রায় ২৩ হাজার ফুট গতিতে নিচে নামতে নামতে একপর্যায়ে বিমানটি প্রায় ১৫ হাজার ৬০০ ফুট উচ্চতায় নেমে আসে। এ সময় হামলাকারীকে থামাতে গিয়ে গুরুতর আহত হন ক্যাপ্টেন মাচ্ছার। রক্তাক্ত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খুলে দেন। এরপর কয়েকজন যাত্রী ও ক্রু ককপিটে ঢুকে হামলাকারীকে কাবু করেন।