আরব আমিরাতকে হেসেখেলে হারালো নিউজিল্যান্ড

আরব আমিরাতকে হেসেখেলে হারালো নিউজিল্যান্ড

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের দাপটের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েও কিউইদের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি। ফিন অ্যালেন ও টিম সিফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড।

টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। শুরুতেই আরিয়ান শর্মাকে (৮) হারালেও আলিশান শারাফুকে নিয়ে ১১৪ রানের বড় জুটি গড়েন ওয়াসিম। শারাফু ৫৪ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ইনিংসটি ৫ চার ও ৫ ছক্কায় সাজানো ছিল। অন্যপ্রান্তে মুহাম্মদ ওয়াসিম ৬৪ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে মায়াঙ্ক কুমারের ১৩ বলে ২১ রানের ক্যামিওতে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ পায় আরব আমিরাত। কিউইদের হয়ে ম্যাট হেনরি ৩৭ রানে ৩টি উইকেট শিকার করেন।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের দুই ওপেনার ব্যাট হাতে ঝড় তোলেন। টিম সিফার্ট ও ফিন অ্যালেন আমিরাতের বোলারদের কোনো সুযোগই দেননি। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে ওঠে ৭৮ রান। সিফার্ট মাত্র ২৩ বলে এবং অ্যালেন ২৭ বলে নিজেদের ফিফটি পূর্ণ করেন। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত নিউজিল্যান্ড কোনো উইকেট হারায়নি। ১৫.২ ওভারেই ১৭৫ রান তুলে জয় নিশ্চিত করে কিউইরা। টিম সিফার্ট ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। এ ইনিংসে ছিল ১২ চার ও ৩ ছক্কা। অন্যপ্রান্তে ফিন অ্যালেন করেন ৫০ বলে ৮৪ রান। এই জয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করলো নিউজিল্যান্ড। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন টিম সিফার্ট।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন