শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না

দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া বিকল্প ছিল না

ফন্ট সাইজ:

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। যদি তাকে অবতরণের অনুমতি না দিতাম, তবে অন্যরকম এক পরিস্থিতির সৃষ্টি হতো।’
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬ এর এক সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘হাসিনাজিকে ভারতীয় বিমানবাহিনী বা ভারতের সেনাবাহিনী নিয়ে আসেনি। তখন বাংলাদেশের মর্মান্তিক ঘটনার কারণে তিনি এসেছিলেন। এমন ঘটনা ঘটা উচিত ছিল না যেখানে নিরপরাধ মানুষ প্রাণ দিয়েছেন। বাংলাদেশের সামরিক বিমানে তাকে ভারতে নেয়া হয়েছিল।’

হাইকমিশনার আরও বলেন, ‘শেখ হাসিনা যখন ঢাকা ত্যাগ করেন, তখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। ভারত এই পরিস্থিতিটির জন্য প্রস্তুত ছিল না। আমরা যদি তাকে অবতরণের অনুমতি না দিতাম, তবে অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হতো।’

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তার ভাষ্য, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। সিদ্ধান্তও তাই স্বাধীনভাবে নেবে। কোনো দেশের সঙ্গে সম্পর্ক করবে, রাখবে তা একান্তই এ দেশের মানুষের আর সরকারের সিদ্ধান্ত। সত্যি কারের প্রতিবেশী কোনো অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ করে না।