নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন ঘোড়াশাল ডাকবাংলো। ব্যবহার অনুপযোগী হয়ে পড়া স্থাপনাটি ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণার উদ্যোগ নেয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে পরিত্যক্ত ঘোষণার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানান- নরসিংদী জেলা পরিষদ কর্তৃপক্ষ। এদিকে, ডাকবাংলো নির্মাণের জন্য দুই কোটি টাকা বরাদ্দ পেয়েছে বলে জানান- নরসিংদী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম। এ অবস্থায় বরাদ্দকৃত অর্থ দিয়ে নতুন কোনো জায়গায় ডাকবাংলো নির্মাণ না করে, বিদ্যমান ঘোড়াশাল ডাকবাংলোর জায়গাতেই নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থাানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অতিথিদের ব্যবহারের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে রয়েছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই পুরনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে একই স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নতুন ডাকবাংলো নির্মাণ করা হলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকারও উপকার হবে। এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘোড়াশাল ডাকবাংলোটি পরিত্যক্ত ঘোষণা করে বরাদ্দকৃত দুই কোটি টাকা দিয়ে একই স্থানে নতুন ডাকবাংলো নির্মাণের উদ্যোগ নেবে।
এদিকে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম জানান, আমরা ইতিমধ্যে ডাকবাংলোটি পরিত্যক্ত ঘোষণার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। পরবর্তীতে এখানে নতুন করে ডাকবাংলো নির্মান করা যাবে। যেহেতু নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনটি স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের নির্বাচনী এলাকা। তাই তার সঙ্গে কথা বলে পরবর্র্র্তী পদক্ষেপ গ্রহণ করবো।
