শায়েস্তাগঞ্জে মাদকের ভয়াল বিস্তার সন্ধ্যা নামলেই বাড়ে দৌরাত্ম্য

শায়েস্তাগঞ্জে মাদকের ভয়াল বিস্তার সন্ধ্যা নামলেই বাড়ে দৌরাত্ম্য

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উদ্বেগজনকভাবে বাড়ছে মাদকসেবনের প্রবণতা। উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যা নামলেই নির্জন স্থান, সড়কের পাশ, পরিত্যক্ত স্থাপনা ও রেলস্টেশন সংলগ্ন এলাকায় মাদকসেবীদের আড্ডা বসে বলে অভিযোগ উঠেছে। মাদকসেবনের অর্থ জোগান দিতে একটি অংশ চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে। বিশেষ করে রেলস্টেশন ও রেললাইনসংলগ্ন নির্জন স্থানগুলোতে নিয়মিত নজরদারি না থাকায় এসব জায়গা অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দাউদনগর রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, সন্ধ্যার পর স্টেশন ও আশপাশের নির্জন স্থানে অপরিচিত তরুণদের আনাগোনা বেড়ে যায়। অনেক সময় দলবদ্ধভাবে বসে আড্ডা দেয়ার পাশাপাশি মাদকসেবন করা হয় বলে অভিযোগ রয়েছে।

এতে সাধারণ যাত্রী ও পথচারীদের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে। সচেতন মহলের মতে, বেকারত্ব, পারিবারিক নজরদারির ঘাটতি, প্রযুক্তির অপব্যবহার এবং সহজে মাদকের সংস্পর্শে আসার সুযোগ-সব মিলিয়ে তরুণদের একটি অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। মাদকের পাশাপাশি তরুণদের মধ্যে অনলাইন জুয়া ও স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে। সচেতন নাগরিকরা বলছেন, শায়েস্তাগঞ্জে মাদকের বিস্তার ঠেকাতে উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক এবং সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে দাউদনগর রেলস্টেশন সংলগ্ন এলাকা, মহলুল সুনাম, চরনূর আহম্মদ, লেঞ্জাপাড়া, কলিমনগর ও তালুগড়াইসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সন্ধ্যার পর নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। তা না হলে মাদকের বিস্তার ভবিষ্যতে সামাজিক অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।